খুঁজুন
, ,

লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন তাসকিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 31 August, 2023, 1:56 pm
লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন তাসকিন

এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা- ১৩/১ (৩ ওভার), বাংলাদেশ- ১৬৪/১০ (৪২.৪ ওভার)

লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন তাসকিন

ছোট পুঁজি নিয়ে লড়াই করার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল বোলিংয়ে ভালো শুরু। সেটা এনে দিলেন তাসকিন। ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুল ইসলাম খানিকটা খরুচে হলেও পরের ওভারে বোলিংয়ে ফিরেই লাগাম টেনে ধরেছেন তাসকিন। ইনিংসের তৃতীয় আর তাসকিনের দ্বিতীয় ওভারের প্রথম বলটি ফুলার লেংথে ছিল, সেটি আবার ঢুকছিল ভেতরের দিকে। তাতে লাইন মিস করে গেছেন দিমুথ করুনারত্নে। হয়েছেন বোল্ড। তৃতীয় ওভারে প্রথম আঘাত তাসকিনের, যে ব্রেকথ্রু খুব করে চাওয়া ছিল বাংলাদেশের।

১৬৪ রানেই শেষ বাংলাদেশ

পাতিরানার স্লোয়ার বলে ধোঁকা খেলেন তাসকিন। উইকেটের গতি বাংলাদেশ ব্যাটারদের ইনিংসজুড়েই ভুগিয়েছে, সেখানে টেল-এন্ডার তাসকিন গতির এমন বৈচিত্র সামাল দেবেন—সেটি আশা করা একটু বেশিই হয়ে যায়। পাতিরানা পেয়েছেন তৃতীয় উইকেট। এক বল পরই পেলেন চতুর্থটি। এবার মুস্তাফিজুর রহমান হয়েছেন এলবিডব্লিউ। রিভিউ নিয়েছিলেন, তবে সেটি নেওয়ার জন্যই নেওয়া। কাজেও আসেনি। বাংলাদেশ থেমেছে ১৬৪ রানেই।

সেঞ্চুরি হাতছাড়া করলেন শান্ত

বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে একমাত্র ব্যাতিক্রম ছিলেন শান্ত। এক প্রান্ত আগলে রেখে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। তবে তার শেষটা হয়েছে হতাশায়। সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। থিকশানার দুর্দান্ত এক ডেলিভারিতে শেষ হলো তার ৮৯ রানের ইনিংস। রাউন্ড দ্য উইকেট থেকে করা ক্যারম বলটি ঢুকছিল ভেতরের দিকে, ব্যাট ও প্যাডের মধ্যে থাকা গ্যাপ গলে সেটি ভেঙেছে স্টাম্প। সেঞ্চুরি থেকে ১১ রান দূরেই থামতে হলো এই টপ অর্ডার ব্যাটারকে। অলআউট হওয়ার পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ।

মেহেদিও ‘তাদেরই’ দলে

আগের ওভারেই উইকেটকিপার কুশল মেন্ডিস ঠিকঠাক বল নিতে না পারায় স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে গিয়েছিলেন মেহেদী হাসান। কিন্তু পাওয়া জীবন কাজে লাগাতে পারলেন না। পরের ওভারে দুনিথ ভেল্লালাগের আর্ম বল লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন তিনি। রিভিউ নিয়েছিলেন, কিন্তু কাজে আসেনি সেটি। বল ট্র্যাকিং দেখিয়েছে, উইকেটে হতো আম্পায়ার্স কল। ৪১তম ওভারে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ, সংগ্রহ ১৬২ রান।

ভুল বোঝাবুঝিতে রান আউট মিরাজ

মুশফিকের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজ-শান্ত জুটিই ছিল বাংলাদেশের শেষ ভরসা। কিন্তু সেই শেষ সম্বলটুকু যেন বিলিয়ে দিলেন দুই ব্যাটার। ৩৭তম ওভারের তৃতীয় বলটি স্কয়ার লেগে খেলে ছিলেন মিরাজ। সেখানে ফিল্ডার থাকায় রান নেওয়ার চেষ্টা করেও দুই-তিন পা এগিয়ে থেমে যান মিরাজ। কিন্তু অপর প্রান্তে থাকা শান্ত নিজেকে সামলাতে পারেননি। শেষ পর্যন্ত দুই ব্যাটারই এক প্রান্তে ঢুকেছেন।

রাজিতা বল ধরে একটু অপেক্ষা করেন, ইশারায় দুই ব্যাটসম্যানকে ওই প্রান্তে যেতে বলছিলেন লঙ্কান পেসার। মিরাজ শেষ মুহূর্তে নিজ প্রান্তের ক্রিজে ঢোকেন। তবে যেহেতু শান্ত তার আগেই ঢুকে গেছেন ক্রিজে, তাই বেঁচে যান তিনি। ১১ বলে ৫ রান করে মিরাজ বিদায় নেওয়ায় বিপদ বেড়েছে দলের।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।