খুঁজুন
, ,

বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 August, 2023, 4:40 am
বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বিগ ব্যাশে অংশ নিতে প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন তিন বাংলাদেশি তারকা।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় এ আসরে এর আগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল সাকিব আল হাসান। এবার তাতে যুক্ত হবার আগ্রহ দেখিয়েছেন তিনজন। যদিও এদের মধ্যে দুজনই টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ নন।

এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় নাম বলা চলে পেসার জাহানারা আলম। জাতীয় নারী দলের সাবেক এই অধিনায়ক এর আগেও বেশ কয়েকবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। বাংলাদেশের জার্সিতেও নিয়মিত মুখ তিনি। জাহানারার দল পাওয়ার সম্ভাবনাও তাই উজ্জ্বলই বলা চলে।

পুরুষ ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফটে নাম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্পেশালিস্ট স্পিনার বলা চলে তাইজুলকে। যদিও সম্প্রতি বেশ কিছু ওয়ানডে ম্যাচে দেখা গিয়েছে তাকে। তবে টি-টোয়েন্টিতে বরাবরই উপেক্ষিত এই বাঁহাতি স্পিনার। দেশের হয়ে মাত্র ২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

সবশেষ ক্রিকেটার হিসেবে আছেন রিপন মণ্ডল। অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলা রিপন অবশ্য গত আসরেও বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছিলেন; কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের প্লেয়ার্স ড্রাফট। এ বছর ক্রিকেটারদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলীয় ডলার আয় করতে পারবেন। পুরো অর্থটি তারাই পাবেন যারা কিনা বিবিএলের পুরো আসর খেলবেন।

এছাড়া কোন ক্রিকেটার ১০ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হলে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার বেতন পাবেন। নয় ম্যাচের জন্য অংশগ্রহণে বেতন হবে ৩ লাখ ৯০ হাজার ডলার। আট ম্যাচ বা তারও কম ম্যাচের জন্য পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ঠিক করা হয়েছে ৩ লাখ ও ২ লাখ অস্ট্রেলিয়ান ডলার।

ড্রাফট থেকে প্রতিটি দলকেই অন্তত দুজন করে ক্রিকেটারকে নিতে হবে। সর্বোচ্চ তিনজন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে ড্রাফটের প্রথম দুই রাউন্ড। এরপর ‘স্ন্যাক’ ফরম্যাটে হবে এই ড্রাফট। এখানে মূলত আগের রাউন্ডে যারা সবার শেষে প্লেয়ার নিয়েছে তারা সবার আগে ডাকার সুযোগ পাবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।