খুঁজুন
, ,

সিঙ্গাপুর নিয়ে আলোচনা সারাদেশে, কি হচ্ছে? 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 August, 2023, 1:22 am
সিঙ্গাপুর নিয়ে আলোচনা সারাদেশে, কি হচ্ছে? 
রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে সিঙ্গাপুর। জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সিঙ্গাপুর যাত্রা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নানা গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে। আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে জাতীয় পার্টি। পার্টির মহাসচিবের সিঙ্গাপুরের যাওয়ার খবর চাউর হয়েছে। যদিও বিএনপি নেতারা চিকিৎসার জন্যই সিঙ্গাপুরে আছেন বলে তাদের তরফ থেকে বলা হচ্ছে।
এমন সময় তারা দেশের বাইরে চিকিৎসা নিতে গেছেন, দুই দিন পরেই যখন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। সরকার পতনের এক দফা আন্দোলনের মধ্যেই বিএনপি নেতাদের সিঙ্গাপুরে যাত্রার বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগ নেতারাও। সবশেষ শনিবার সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চার দিন আগে একই উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক সিঙ্গাপুরে যান। দুই মাস ধরে একই দেশে চিকিৎসা নিচ্ছেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন। চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এক দফা আন্দোলন কিছুটা বিরতি দিয়ে তাদের এই বিদেশ গমন নিয়ে নানা মহলে কথা হচ্ছে। জানা গেছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সিঙ্গাপুর যান। গত ২৭ জুন থেকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খন্দকার মোশাররফ।
বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার সিঙ্গাপুর যাওয়া প্রসঙ্গে টিপ্পনী কেটেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা কি আদৌ চিকিৎসা নিতে গেলেন, নাকি আবার কোনো ষড়যন্ত্র করতে একসঙ্গে সিঙ্গাপুর গেলেন-এটি অনেকের প্রশ্ন।
এর জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার পতন আন্দোলনের পরামর্শ করতে বিদেশ যেতে হবে কেন? আমরা তো খোলা রাস্তায় দাঁড়িয়ে বলছি, এ সরকারকে ফেলে দেব। ষড়যন্ত্র করতে দেশের বাইরে যেতে হবে কেন? তিনি বলেন, বিএনপিকে কি সিরাজ সিকদারের দল কিংবা গণবাহিনীর মতো কোনো সংগঠন নাকি? যা করবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবে এবং তা দেশে থেকেই করবে। চিকিৎসার জন্য বিদেশ যাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। এটা নিয়েও সরকার রাজনীতি করছে।
এ প্রসঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, এটা ঠিক আছে চূড়ান্ত আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ নেতারা বিদেশ গেছেন। কিন্তু এখন আন্দোলনে কিছুটা বিরতি আছে। এতে চলমান আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। বিদেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কোনো বৈঠক হতে পারে কি না? জবাবে তিনি বলেন, ‘না, না। এরকম কোনো পরিকল্পনা নেই। চিকিৎসা শেষ করেই তারা দেশে চলে আসবেন। মহাসচিব মনে হয় দুই সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন। এক ও দুই সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রয়েছে।’
এমন আলোচনার মধ্যেই রোববার রাতে মির্জা ফখরুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেয়েছেন মির্জা ফখরুল। সে টাকায় বিদেশ ভ্রমণ করছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পোস্টটিতে মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরার ছবির সঙ্গে একটি চেকের ছবিও সংযুক্ত করা হয়। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, এটি আওয়ামী লীগের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। চলমান আন্দোলন সরকার নিপীড়ন-নির্যাতন করে কোনোভাবেই দমন করতে পারছে না। তাই সরকার নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের কাজই গুজব তৈরি করা এবং মানুষের চরিত্র হনন করা। ভাইরাল হওয়া ভুয়া চেক প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীর এত দয়া! খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে না দিয়ে তার দলের মহাসচিবকে টাকা দেবে চিকিৎসার জন্য। এসব ব্যঙ্গ-তামাশা বেশি দিন থাকবে না।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে সিঙ্গাপুর গেছেন। এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়। তিনি বলেন, ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদের মদদ দিচ্ছে এ অবৈধ সরকার।
এদিকে খবর বেরিয়েছে, সিঙ্গাপুরে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিটিং করবেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কোনো ধরনের প্রচার ছাড়াই বৃহস্পতিবার থাইল্যান্ডে ট্রানজিট নিয়ে সিঙ্গাপুর গেছেন তিনি। তিনিও সস্ত্রীক ভ্রমণের উদ্দেশে থাইএয়ারওয়েজের ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন। এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, আমি ঢাকায় আছি। কয়েক দিন নিজ সংসদীয় এলাকা ময়মনসিংহে ছিলাম। যদিও পত্রিকায় দেখলাম, আমি নাকি সিঙ্গাপুরে আছি। সেখানে কোনো বৈঠক প্রসঙ্গে আমি বলতে পারব না।

 

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।