খুঁজুন
, ,

প্রশ্ন তথ্যমন্ত্রীর ,জঙ্গি আটক করলেই বিএনপির গাত্রদাহ কেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 23 August, 2023, 1:59 pm
প্রশ্ন তথ্যমন্ত্রীর ,জঙ্গি আটক করলেই বিএনপির গাত্রদাহ কেন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জঙ্গি ধরলেই বা জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেই দেখি মির্জা ফখরুল সাহেব কিংবা বিএনপি নেতারা সেটির বিরুদ্ধে কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে-জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তাদের গাত্রদাহ হয় কেন।’

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে ‘শেখ মুজিবুর রহমান থেকে জাতির পিতা’ আলোকচিত্র সংকলন এবং ‘রক্তাক্ত মাগুরা : প্রেক্ষিত-মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার খালেদা বেগম, গ্রন্থকার বীর মুক্তিযোদ্ধা শামসুন নাহার, মোহাম্মদ নাছিমুল কামাল, প্রকাশক আবু হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘দেশে জঙ্গি নেই, আওয়ামী লীগ সাজানো জঙ্গি নাটক করছে’ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘যেমন চেয়ারম্যান, তেমন মহাসচিব। আগে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, দেশে কোনো জঙ্গি নাই, কিছু মানুষকে ধরে এনে আটক করে রাখা হয়, তারপর চুল-দাড়ি লম্বা হলে জঙ্গি আখ্যা দেওয়া হয়। আর গতকাল ফখরুল সাহেব বলেছেন, কিছু ধার্মিক লোককে ধরে নিয়ে গিয়ে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে। চেয়ারম্যান যে লাইনে কথা বলেছেন, মহাসচিব যদি সেই লাইনে কথা না বলেন তাহলে তো মহাসচিবের দায়িত্ব থাকবে না। এই সমস্ত বক্তব্যের মাধ্যমে এটিই প্রমাণিত হয়-এই দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপির নেতৃত্ব, যেটি আমরা আগে থেকে বলে এসেছি।’

‘বিএনপি যদি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা না করতো, আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘কারণ বিএনপির যে জোট, সেই জোটের মধ্যেই জঙ্গিরা আছে। এবং বিএনপি নিজেই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডার আদালত কর্তৃক পরপর পাঁচবার রায় পেয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিএনপিকে টায়ার-ফোর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সুতরাং তারা নিজেরা যেহেতু সন্ত্রাসী, সে জন্য কোনো জঙ্গি ধরলে তাদের গাত্রদাহ হয়।’

২৫ ও ২৬ আগস্ট বিএনপির কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের গণ-মিছিল, হাঁটা-মিছিল, দৌড়ানো-মিছিল, বসা-কর্মসূচি শুধু তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য। জিও-পলিটিক্স বা ভূ-রাজনীতির যেসব খবর পত্র-পত্রিকায় এসেছে সেগুলোর কারণে তাদের মধ্যে হতাশা- অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, সে জন্য তারা রাত তিনটার সময়ও সংবাদ সম্মেলন ডাকছে। এ সব কারণে তাদের হতাশ কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্যই এ সব গতানুগতিক কর্মসূচি, অন্য কোনো কিছু নয়।’

বিএনপির দু’টি টেলিভিশনের ‘টক-শো’ বর্জনের ঘোষণা নিয়ে প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘এতে তারা সেখানে গিয়ে কথা বলার সুযোগটা হারাচ্ছে। এখন দু’টি বর্জন করেছে, ক’দিন পর আরো চারটি বর্জন করে কি না, আরো ক’দিন পরে বলে কি না গণমাধ্যমই বর্জন করলাম, সেটিই আমার আশঙ্কা।’

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ব্রিকস উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট। সেখানে আমন্ত্রণ জানানোর মানেই হচ্ছে বাংলাদেশ যে উদীয়মান অর্থনীতির দেশ সেটিকে স্বীকার করে নেওয়া। এই জোটে যোগ দিলে আমাদের অর্থনীতি আরো চাঙ্গা হবে এটিই স্বাভাবিক।’

এর আগে ‘রক্তাক্ত মাগুরা : প্রেক্ষিত-মুক্তিযুদ্ধ’ গ্রন্থের লেখিকা বীর মুক্তিযোদ্ধা শামসুন নাহারকে ধন্যবাদ জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, জেলাভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস এক অনন্য দলিল। শামসুন নাহারের লেখা গ্রন্থটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেজন্য তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ‘শেখ মুজিবুর রহমান থেকে জাতির পিতা’ গ্রন্থে বঙ্গবন্ধুর দুর্লভ কিছু আলোকচিত্র সংকলনের জন্য নাছিমুল কামালকেও ধন্যবাদ জানাই।

এদিকে, রাজনৈতিক, রাষ্ট্রীয় ও নিজ এলাকার উন্নয়নের দায়িত্ব পালনের শত ব্যস্ততার মাঝেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া অব্যাহত রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। আজ বিকেলেও মন্ত্রণালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যান তিনি।

বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে ডক্টরেট এবং বিশ্ব পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য ২০১৫ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল সম্মাননায় ভূষিত ড. হাছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে এখন সম্মান শ্রেণির অষ্টম সেমিস্টারে আর্থ বায়োস্ফিয়ার বা পৃথিবীর জীবমন্ডল বিষয়ে ক্লাস নিচ্ছেন।

করোনা মহামারির মধ্যেও তিনি অনলাইনে পাঠদান করেছেন, মহামারির প্রকোপ কমে এলে আবার শ্রেণিকক্ষে ফিরেছেন, দিনে দিনে বেড়ে যাওয়া ব্যস্ততার মধ্যেও অধ্যাপনা অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজসহ (এনডিসি) দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিভিন্ন সময়ে বিশেষ লেকচার দিয়েছেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।