খুঁজুন
, ,

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তার হত্যার প্রতিশোধ নেব: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 15 August, 2023, 10:13 am
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তার হত্যার প্রতিশোধ নেব: আইনমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়া হবে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেব। আমরা দেখিয়ে দিব বাংলাদেশ থেকে কখনো বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। আমরা বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে জনগণের কাছে সত্য ইতিহাস উপস্থাপন করবো, বলেও যোগ করেন আইনমন্ত্রী।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রেলস্টেশন চত্ত্বর এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু বুঝিয়েছিলেন ছিলেন যে বাংলাদেশের মানুষ অধিকার পাচ্ছে না, তিনি বুঝিয়েছিলেন ছিলেন যদি বাংলাদেশের মানুষ অধিকার চায় তাহলে তাদের আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের নেতৃত্ব তিনি দিয়েছিলেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন তিনি কখনও পাকিস্তানি শাসকদের সাথে আপোষ করেন নাই। তৎকালীন পূর্ব পাকিস্তানের অনেক নেতাই আইয়ুব খানের সাথে এক এক করে আপোষ করেছেন শুধু বঙ্গবন্ধুই আপোষ করেন নাই। তিনি বাংলাদেশের মানুষের জন্য ৭ই জুন ১৯৬৬ সালে ৬ দফা দিয়েছিলেন। এই ৬ দফা আন্দোলন এর জন্য বঙ্গবন্ধুকে এক নাম্বার আসামী করে বিচার কার্য শুরু হয়েছিল। তখন বাংলার জনগণের আন্দোলনের চাপে আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন। মুক্তির পর যখন বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের জনসমাবেশে ভাষণ দিতে আসেন তখন বাংলার মানুষ বুঝতে পারেন যে, তিনিই হচ্ছেন তাদের আসল বন্ধু। এবং সেজন্যই সেই দিন থেকে তিনি পরিচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিসেবে।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন করে ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের সংসদে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভের পরও তাকে সরকার গঠন করতে দেয়া হয় নাই। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তারাও বঙ্গবন্ধুকে হত্যার করার সাহস পায় নাই। কিন্তু ১৯৭৫ সনের ১৫ই আগস্ট কিছু মীরজাফর, বেইমানরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তিনি যখন সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলেন তখন তাকে হত্যা করা হয়। আমাদেরকে চিন্তা করতে হবে কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং আপনাদের সেই বেইমানদের  সম্পর্কে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই সেদিন এই ষড়যন্ত্রের সাথে ছিল। যদি সেই দিন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে না থাকতো তাহলে সেদিন হয়তো তাদেরও হত্যা করা হত। কিন্তু বঙ্গবন্ধুর কন্যারা দেশে এসে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা, বঙ্গবন্ধুর হত্যার বিচার ও জেল হত্যার বিচার শুরু করেছিলেন। আমরা দেখেছি ১৯৯৬ সালের পর ২০০১ সালে ষড়যন্ত্র মূলক এক নির্বাচনে তারা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়। আমি তৎকালীন আইনমন্ত্রীকে বলেছিলাম যে, আপনারা ২/৩জন জজ যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন তাহলে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারটা শেষ করতে পারি সেই আইনমন্ত্রী হাসি দিয়ে বলেছিলেন আচ্ছা কিন্তু সেই আচ্ছা আর শেষ হয়নি। তারপর ২০০৯ সালে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন তখনই কিন্তু আমরা বিচারটা শেষ করতে পেরেছি। এবং আসামীরা যারা দেশে এবং দেশের বাইরে ছিলেন তাদের বিদেশ থেকে এনে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর করেছি। আপনারা জানেন এখনও দুজন আসামী বিদেশে আছেন তাদের দেশে এনে রায় কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমি আপনাদের বলতে চাই যতক্ষণ এই খুনিদের এনে রায় কার্যকর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। আপনারা জানেন এই বিচার শেষ হওয়ার পর দাবি উঠেছিল যে, যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল তাদেরও ইতিহাসের কাঠগড়ায় দাড় করাতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।