খুঁজুন
, ,

হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ছাত্রলীগ : নুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 August, 2023, 1:46 pm
হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ছাত্রলীগ : নুর
ছাত্র অধিকার পরিষদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ হামলা চালায় বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে নুরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

নুরুল হক নুর বলেন, ‘বিরোধী দলসমূহের নেতাকর্মীদের ওপর হামলা, হয়রানি, গ্রেপ্তারের প্রতিবাদ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে মাদ্রাসাছাত্র হাফেজ রেজাউলকে পিটিয়ে হত্যার বিচার এবং টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার ৩৪ জন বুয়েট শিক্ষার্থীর মুক্তির দাবিতে গত ২ আগস্ট ছাত্রঅধিকার পরিষদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। তখন তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ হামলা চালায়। ছাত্রলীগের হামলায় তিনি ছাড়াও আরিফুল ইসলাম আদীব, সাব্বির হোসাইন, আব্দুজ জাহের, তারিকুল ইসলাম, মেহেরাব হোসেন মেহেদী, তাওহীদুল ইসলাম তুহিন, নেওয়াজ খান বাপ্পি, কাওসার আলি, রাকিব হাসান, আকাশ চৌধুরী, সাদ শিকদার, রাজিব হোসেন, তোফায়েল আহমেদ, ইউসুফ রায়হান, আনোয়ার হোসেন রনি, রবিউল ইসলাম, রাজিব মোল্লাসহ অনেকে আহত হন।’

নুর আরও বলেন, ‘ছাত্রলীগ সেদিন যেভাবে চতুর্দিক থেকে ঘিরে চাবির রিং, কলম, স্টিলের চেইনসহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে উদ্দেশ করে আঘাত করে- এ ঘটনায় স্পষ্ট হয়, তাকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল।’

গণঅধিকার পরিষদের একাংশের এই সভাপতি বলেন, ‘গত ২ আগস্ট গভীর রাতে ডিবি পুলিশ তার বাসায় কথিত অভিযান চালিয়ে ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে অন্যায়ভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে। বিন ইয়ামিনকে গ্রেপ্তারের আগে তার বাবা রফিকুল ইসলামকে মোহাম্মদপুর থেকে আটক করে ৮ ঘণ্টা ডিবির গাড়িতে বসিয়ে রেখে বিন ইয়ামিনকে খুঁজতে থাকে। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে ৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করে।’

তিনি আরও বলেন, ‘ডিবি যখন ওইদিন রাত ২টায় তার বাসায় এসে দরজা ধাক্কাধাক্কি করে, তখন তার বাসায় ২ মাস ও সাড়ে ৩ বছর বয়সী দুটি বাচ্চা এবং হজফেরত বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ছিলেন। সে কারণে ডিবি পুলিশকে সকালে আসতে বললেও তারা তার কথায় কর্ণপাত করেনি। দুটি দরজা ভেঙে তার বাসায় ঢুকে এবং ডিবি পুলিশের এডিসি রাজিবুল অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে মদ্যপ অবস্থায় ডিবি পুলিশের ডিসি ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি প্রদান করেন।’

ছাত্রলীগ কর্তৃক হত্যাচেষ্টার কারণ প্রসঙ্গে নুর বলেন, ‘ছাত্রলীগ কেন তার ওপর ক্ষুব্ধ ছিল তা ওইদিন রাতে ডিবি কর্মকর্তার কথোপকথন এবং প্রশ্নেও কিছুটা স্পষ্ট হয়েছে। কেন তিনি বিএনপি-জামায়াতের সঙ্গে মিলে সরকার পতনের আন্দোলন করছেন- ডিবি পুলিশের কর্মকর্তারা সেজন্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি দাবি করেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে কার সম্পর্ক থাকবে, কে কার সাথে আন্দোলন করবে কি করবে না- সে বিষয়ে ডিবি পুলিশের প্রশ্ন তোলা অবান্তর।’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে বর্তমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নাগরিকদের রাজপথে আন্দোলনে থাকা প্রয়োজন। সেক্ষেত্রে রাজপথে আন্দোলনকারী দলগুলোর একে-অপরের প্রতি সহমর্মিতা ও সমন্বয় খুবই প্রয়োজন।’

নুরুল হক নুর জানান, তিনি যেন পরিপূর্ণ চিকিৎসাসেবা নিতে না পারেন- সেজন্য ৩ আগস্ট সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা বেসরকারি ইউনিভার্সেল মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চাপ দিয়ে রিলিজ দিতে বাধ্য করে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাধ্যতামূলক ছুটি দেওয়ায় তিনি ধানমন্ডি গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সেজন্য গণস্বাস্থ্যনগর হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান নুর। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যুগপৎ আন্দোলনকারী বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যক্তিদেরও ধন্যবাদ জানান নুর, যারা তার জন্য সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেন, ‘দেশের অভ্যন্তরীণ রাজনীতি সামগ্রিকভাবে যেভাবে সহিংস হয়ে উঠছে- তার সম্পূর্ণ দায় এ ভোটারবিহীন আওয়ামী সরকারের। সরকারকে অনুরোধ করব- দেশে সংঘাত-সহিংসতা উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। জনগণের গণদাবি- অবাধ, সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন দিন। ছাত্রনেতা বিন ইয়ামিনসহ সব রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করুন।’

তিনি বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রশাসনে দুর্বৃত্তায়ন ও বলপ্রয়োগের মাধ্যমে ভিন্নমত দমন করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাব- রাজপথে নেমে গণআন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করুন। জনতার বিজয় হবেই।’

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।