খুঁজুন
, ,

মানসিক চাপে এইচএসসি পরীক্ষার্থী‍রা, সিলেবাস কমানোর দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 August, 2023, 4:29 pm
মানসিক চাপে এইচএসসি পরীক্ষার্থী‍রা, সিলেবাস কমানোর দাবি
আগামী ১৭ আগস্ট শুরু হতে যাচ্ছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কিন্তু এবারের পরীক্ষার্থী‍দের তুলনামূলক কম সময় পেয়েও পূর্ণ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। ফলে ব্যাপক মানসিক চাপে পড়েছেন তারা। এজন্য সিলেবাস কমানো অথবা পরীক্ষা ১ থেকে ২ মাস পেছানোর দাবি করছেন পরীক্ষার্থী‍রা।

বিষয়টি নিয়ে  সঙ্গে বহু পরীক্ষার্থী‍র কথা হয়। তারা জানিয়েছেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী‍রা প্রায় আড়াই বছর সময় পায়। আড়াই বছর সময় নিয়ে তাদের পরীক্ষা হয় ৫০ নম্বরের। কিন্তু ২০২৩ সালে পরীক্ষার্থী‍রা মাত্র দেড় বছর সময় পেয়েছে। তুলনামূলক এক বছর কম সময় পাওয়ার পরও তাদের ১০০ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। গত বছর আইসিটি সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়নি। কিন্তু এবার আইসিটি সাবজেক্টও পরীক্ষা দিতে হবে।

এসব বিষয় নিয়ে বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবারের পরীক্ষার্থী‍রা। শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রণালয় ও বোর্ডের ই-মেইল ও সামাজিকমাধ্যমে বার্তা পাঠাচ্ছেন তারা। তবে পরীক্ষার্থী‍দের অভিযোগ, তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।

বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) একটি মতামত জরিপ শুরু করা হয়। মতামত জরিপে দেখা যায়, প্রায় ৮৪ শতাংশ পরীক্ষার্থী‍ পরীক্ষা পেছানোর পক্ষে। মতামত জরিপের বিষয় ছিল, ‘এইচএসসি-২৩ ব্যাচের পরীক্ষার্থী‍রা পরীক্ষা পেছানো অথবা সিলেবাস কমানোর দাবি করছে। আপনি কী মনে করেন?’এই প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর রাখা হয়। শনিবার দুপুরে এ খবর লেখা পর্যন্ত চারটি উত্তরে মোট মতামত দিয়েছেন ২৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে ৮৩ দশমিক ৭৬ শতাংশ পরীক্ষা পেছানোর পক্ষে। সিলেবাস কমানোর পক্ষে ৯ দশমিক ৭২ শতাংশ। ২ দশমিক ২২ শতাংশ মতামত দিয়েছে ‘দুটিই করা উচিত’, এবং ৩ দশমিক ৩১ শতাংশ মতামত দিয়েছে ‘কোনোটিই করা উচিত নয়’।

এ বিষয়ে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ থেকে পরীক্ষার্থী‍ ফারজানা আকতার বলেন, আমাদের এ অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব না। গত বছরের পরীক্ষা আড়াই বছর সময় থাকা সত্ত্বেও তারা ৫০ নম্বরের পরীক্ষা দিয়েছে। ২৩ ব্যাচ-এর শিক্ষার্থী‍দের দেড় বছরে কম সময়ে ১০০ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক।

এ বিষয়ে বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও-এর পরীক্ষার্থী ফাহিম হাসান বলেন, কোভিড -১৯ পরবর্তীতে শিক্ষাবর্ষের সময় কমিয়ে আনা হয়েছিল। এজন্য আমরা অনেক স্বল্প সময় পেয়েছি। তার মধ্যে শিক্ষাবর্ষে ছুটি ছিল অনেক দিন। এই স্বল্প সময়ে আমাদের সিলেবাস সম্পূর্ণ শেষ হয়নি। বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও ডেঙ্গু বিদ্যমান। এমতাবস্থায় আমাদের পরীক্ষা পেছালে সুবিধা হতো। অন্যথায় এইচএসসি-২২ পরীক্ষার ন্যায় আমাদেরও পরীক্ষার মানবণ্টন ১০০ থেকে কমিয়ে ৫০ করা উচিত এবং আমাদের এই দাবিগুলো যৌক্তিক দাবি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আমাদের বিষয়টি দেখার জন্য।

এ বিষয়ে ঢাকা নটরডেম কলেজ থেকে এবারের পরীক্ষার্থী‍ আনাস আব্দুল্লাহ বলেন, আমরা এইচএসসি-২৩ ব্যাচ খুবই স্বল্প সময় পেয়েছি ২২ ব্যাচের তুলনায়। এ ছাড়াও দেশজুড়ে ডেঙ্গুর জন্য অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে বা ছিল। সুতরাং তারাও পড়ালেখায় কিছুটা পিছিয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সার্বিক বিবেচনায় আমাদেরও ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক।

এ বিষয়ে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের পরীক্ষার্থী‍ নাফিস হাসান সাকি বলেন, এইচএসসি ২০২২ ব্যাচ-এর আড়াই বছরে সংক্ষিপ্ত সিলেবাসে ১০০-তে ৫০ মার্কের পরীক্ষা নেওয়া হয়েছে। যেখানে সৃজনশীল প্রশ্নতে ৮টার মধ্যে মাত্র ৩টা, নৈর্ব্যত্তিক ২৫টার মধ্যে মাত্র ১৩টার উত্তর দিতে হয়েছে। আমাদের পরীক্ষাও ৫০ নম্বরে নিলে আমরা উপকৃত হবো।

এসব বিষয় নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, এ বছর শিক্ষার্থী‍রা কম সময় পেয়েছে। এজন্য তাদের সিলেবাসও পরিমার্জিত। কম সময়ে যে পরিমাণ সিলেবাস শেষ করা সম্ভব সেই পরিমাণ সিলেবাস রাখা হয়েছে। আপনাদের কাছে শিক্ষার্থী‍রা যা বলছে তা পুরোটা সঠিক না।

এইচএসসি ২০২৩ ব্যাচের পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও কালবেলাকে তিনি জানান।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।