খুঁজুন
, ,

বিএনপির বড় কর্মসূচিতে মানে মামল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 August, 2023, 2:36 am
বিএনপির বড় কর্মসূচিতে মানে মামল
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোমবার পর্যন্ত ১৪টি মামলায় বিএনপির ৭২৪ নেতাকর্মীকে আসামি করেছে পুলিশ। সংখ্যায় আরও বেশি দাবি করছে বিএনপি।এই চিত্র শুধু ঢাকায় নয় সারাদেশে।
এ ছাড়া দলটির দাবি, গত ১৯ মে থেকে কর্মসূচিকে কেন্দ্র করে ৩২০ মামলায় আসামি করা হয় প্রায় ১০ হাজার ৪৫০ নেতাকর্মীকে। যেখানে গ্রেফতার হয়েছেন ১ হাজার ৫১৪ জন। নির্বাচনের আগে প্রায় প্রতিদিনই বাড়ছে মামলা। একদিকে মামলা নিয়ে যেমন আইনি মোকাবিলা করতে হচ্ছে, তেমনি রাজপথেও সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে। বিএনপি বলছে, এসব মামলার উদ্দেশ্য মাঠ পর্যায়ের নেতাকর্মীকে চাপে রাখা ও আন্দোলন দমানো। সেই সঙ্গে যখনই বড় কর্মসূচি আসে, তখনই পুরোনো মামলাগুলো গতি পায়। তবে মামলা দিয়ে পথ কঠিন করলেও মাঠ ছাড়বেন না তারা।
শনিবার কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯টি থানায় ১৪টি মামলা এবং সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৭২৪ জনকে। গত সোমবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০৯ জনকে। যদিও বিএনপি দাবি করছে, তাদের প্রায় ৫০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলটির দফতর সূত্র বলছে, গত বছর বিভাগীয় সমাবেশ চলাকালে নেতাকর্মীদের নামে মামলা বেড়েছে, গ্রেফতারও হচ্ছে। গত সাড়ে ১৪ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় দেড় লাখ মামলা করা হয়েছে। এতে আসামি প্রায় ৪০ লাখ নেতাকর্মী।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কর্মসূচি হলে এসব মামলা খুবই স্বাভাবিক। সরকার পুলিশের পাশাপাশি মামলাকে বিএনপি দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিএনপি এত বছর এসব মামলা মোকাবিলা করে মাঠে টিকে আছে, আর কয়েক মাস ভালোভাবেই মোকাবিলা করতে পারবে। তার মতে, মার্কিন ভিসানীতির কারণে এসব মামলা আদালতে শেষ পর্যন্ত টিকবে না। উদাহরণ হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর একটি মানহানি মামলার প্রসঙ্গ টানেন। রুমিন ফারহানা জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদনের এক দিন পর তা খারিজ করে দিয়েছেন আদালত।
বিচারক এ মামলা ‘আমলে’ নেওয়ার মতো আইনি ভিত্তি নেই বলে তা খারিজের আদেশ দেন। এমন চিত্র যা কয়েক মাস আগেও দেখা যায়নি। এগুলো ভিসানীতির প্রভাব। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শনিবারের ঘটনায় মামলাগুলো করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের চাপে রাখার জন্য। এসব মিথ্যা মামলা আমরা আইনগতভাবে মোকাবিলা করব।
বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন, মামলা এক ধরনের চাপ। কিন্তু বিএনপি এ চাপ খুব একটা অনুভব করছে না। কারণ দেয়ালে নেতাকর্মীদের পিঠ ঠেকে গেছে। আর শনিবারের ঘটনায় মামলা হবে-এমন মানসিক প্রস্তুতি আমাদের ছিল। মামলা দিয়ে পথ কঠিন হচ্ছে, কিন্তু আন্দোলনের মাঠ থেকে সরানো যাবে না। পিছু হটার সুযোগ নেই আমাদের। তিনি বলেন, আইনিভাবে মোকাবিলা ছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ পাল্টা মামলা করেও লাভ নেই।
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী  বলেন, নির্বাচনের আগে মামলা বাড়বে এটা ধরেই নেওয়া যায়। মামলা বাড়লেও আন্দোলনের গতি শ্লথ হবে না। বরং আরও বেগবান হবে। নেতাকর্মীদের মধ্যে জেদ কাজ করবে। আমরা আইনগতভাবেই মামলা মোকাবিলা করব।
এদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সরকারের ‘নীলনকশা’ অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে সাজা দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তবে তারেক রহমানের সাজা হলেও তা চলমান আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না।
মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে লাখ লাখ মামলার জট থাকলেও এ মামলায় মাত্র ১৬ দিনে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রাত ৮টা-৯টা পর্যন্ত একতরফাভাবে সাক্ষ্য নেওয়া হয়েছে। সরকার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি তালিকা করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তাদের মামলা দ্রুত শেষ করতে চিঠিও দেওয়া হয়েছে। যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন। ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহকে সাজাও দেওয়া হয়েছে।
বিএনপি সূত্র জানায়, নির্বাচনের আগে মামলার বোঝা সামাল দিতে দলের আইনজীবী সেলকে আরও শক্তিশালী করা হচ্ছে। গত স্থায়ী কমিটির বৈঠকেও মামলা ও আইনজীবী সেলকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। সেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে সরাসরি হাইকমান্ড থেকে মামলা মোকাবিলায় পরামর্শ দেওয়া হয়েছে।

 

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।