খুঁজুন
, ,

মহাসমাবেশ ঘিরে ঢাকার পথে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 26 July, 2023, 1:45 am
মহাসমাবেশ ঘিরে ঢাকার পথে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা
আগামীকাল ঢাকায় মহাসমাবেশ থেকে সরকারকে স্বল্প সময়ের আল্টিমেটাম দিয়ে বিরতিহীন কর্মসূচিতে যাবে বিএনপি। পর দিন শুক্রবারও থাকতে পারে বিক্ষোভ কর্মসূচি।
শনিবার পবিত্র আশুরার কারণে বড় কোনো কর্মসূচি না থাকলেও রোববার থেকে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা আসতে পারে। এক দফা দাবি আদায়ে এখন থেকে ঢাকার রাজপথ না ছাড়ার পরিকল্পনা করেছে বিএনপি। তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে এমন স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
স্থান ঠিক না হলেও আগামীকালের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার বাইরের নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। বাস বন্ধ হয়ে যেতে পারে-এমন শঙ্কায় তারা আগেভাগে ঢাকায় চলে আসছেন। ঢাকায় আত্মীয়স্বজনদের বাসায় অবস্থান করছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এখনও মহাসমাবেশের স্থান ঠিক হয়নি। বুধবার তা জানা যাবে। তবে আমরা নয়াপল্টনেই করতে চাই। এগুলো নিয়ে আলোচনা চলছে। তবে ইতিমধ্যে নেতাকর্মী, সমর্থকরা ঢাকায় চলে এসেছেন। আশা করি, স্মরণকালের সেরা জমায়েত করতে পারব আমরা।
তিনি বলেন, এক দফার সব কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। সরকারকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। নতুন নতুন কর্মসূচি আসবে- আলোচনা চলছে। ইতিমধ্যে মহাসমাবেশের জন্য ঢাকায় চলে এসেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
তিনি বলেন, আমরা যার যার মতো করে ঢাকায় চলে এসেছি। আজ ও কাল সব চলে আসবে। বিশেষ করে সম্ভাব্য এমপি প্রার্থীরা, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের ব্যবসায়ীরা নেতাকর্মীদের সার্বিক খরচ বহন করছেন।
তিনি বলেন, সরকার যদি মহাসমাবেশের জোয়ারেও কর্ণপাত না করে, তা হলে ঢাকামুখী লংমার্চ, রাজপথে টানা অবস্থান কর্মসূচি কিংবা গণভবন ঘেরাওয়ের কর্মসূচি চাই আমরা। এ ছাড়া সরকারকে সরাতে বিকল্প পথ নেই।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জানান, মহাসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি রয়েছে। এবার যাতায়াতের জন্য বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে। পুলিশ যাতে পথে পথে তল্লাশির নামে হয়রানি করতে না পারে তার বিকল্প পন্থাও আমরা খুঁজছি। প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী-সমর্থকরা ঢাকায় আসবেন।
পরবর্তী কর্মসূচি ঠিক করতে গতকাল শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, মহাসমাবেশ থেকে সরকারকে একটি পরিষ্কার বার্তা দেওয়া হবে। স্বল্প সময়ের আল্টিমেটাম দিয়ে এক দফা আন্দোলনের চূড়ান্ত ধাপে যাওয়া হবে। সেটি ৪৮ কিংবা ৭২ ঘণ্টার আল্টিমেটাম হতে পারে। তবে বৃহস্পতিবার সরকার যদি ঝামেলা না করে তা হলে এক রকমের বার্তা আসবে, আর ঝামেলা করলে ভিন্ন বার্তা আসবে।
তিনি বলেন, আমাদের চিন্তা এখন থেকে ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে রাখা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া। রোববার থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়া। সেটা হতে পারে অবস্থান কিংবা বিক্ষোভ সমাবেশ। তবে অঘোষিতভাবে বসে পড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা পরের কর্মসূচিগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাঠে নিয়ে আসব। এখন থেকে সেই প্রস্তুতিও চলছে।
বিএনপির লিয়াজোঁ কমিটির একজন সদস্য জানান, তারা বিভিন্ন প্রস্তাব পাচ্ছেন যুগপৎ শরিকদের কাছ থেকে। তবে বেশিরভাগের মত আল্টিমেটাম নিয়ে। কেউ ২৪, কেউ ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কথা বলছে। এটি বুধবার নীতিনির্ধারকরা বসে ঠিক করবেন। শরিকরা বিএনপির চলমান কর্মসূচিতে সন্তুষ্ট। তারাও সর্বোচ্চ চেষ্টা করবেন লোক জমায়েতের।
আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ২৭ তারিখের মহাসমাবেশ হবে জনতার মুক্তির মহাসমাবেশ। এ মহাসমাবেশে জনতার রাজপথ জনগণই দখল নেবে। জনগণ এ সরকারকে সরিয়ে নতুন বাংলাদেশের সূচনা করবে।
গত ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশ থেকে ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ দেশব্যাপী দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে নামে বিএনপি। এরপর গত ২২ জুলাই সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
ওই দিন যুগপৎভাবে শরিক দল এবং জোটগুলোও ঢাকায় পৃথকভাবে সমাবেশ করবে। অন্যদিকে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে গত সোমবার পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। ডিএমপি কমিশনার বরাবর পাঠানো চিঠিতে উল্লিখিত দুটি স্থানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার কথা জানায় দলটি। যদিও এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।