খুঁজুন
, ,

শেখ হাসিনার অধীনে ইসির নিয়ন্ত্রণে নির্বাচন হবে-আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 21 July, 2023, 12:29 pm
শেখ হাসিনার অধীনে ইসির নিয়ন্ত্রণে নির্বাচন হবে-আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচন করতে চায় না। তারা চায় পূর্ব অভিজ্ঞতার মতো পেছনের দরজা দিয়ে কারোর সহযোগিতায় ক্ষমতায় আসতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার আর হবে না।

তিনি বলেন, বাংলাদেশের সুপ্রিমকোর্ট রায় দিয়ে বলেছেন- তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ অবৈধ। আইন পাশ করে সংবিধান থেকে এটা বের করে দেওয়া হয়েছে, সেখানে আর ফিরে যাওয়া যাবে না।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় মন্ত্রী এসব কথা বলেন। খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আবদুল্লাহ ভূইয়ার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না। তারা জাতির পিতাকে হত্যা করেছে। তারা ক্ষমতায় থেকে জাতির পিতার হত্যার যাতে বিচার না হয় সেজন্য আইন করেছে এবং তাদেরকে প্রেসিডেন্ট নির্বাচন করার সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, জাতির পিতা ১৯৪৮ সাল থেকে শুরু করে কারো সঙ্গে আঁতাত-আপস না করে বাংলাদের জনগণের স্বার্থ রক্ষা করেছেন। পাকিস্তানের ইয়াহিয়া-আইয়ুব খানের সঙ্গে বঙ্গবন্ধু ছাড়া সবাই আতাত করেছে। আপনারা ইতিহাস দেখেন তারা সবাই আপস করার চেষ্টা করেছে এবং আপস করেছে। উনাকে (বঙ্গবন্ধু) আপসের কথা বলা হয়েছে। উনি বলেছেন জেলখানায় যেতে রাজি আছি, তবুও আপস করব না। তারা সবাই মিলে জাতির পিতাকে হত্যা করেছে। এখন তারা (বিএনপি-জামায়াত) চেষ্টা করছে যাতে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হয়। তারা চেষ্টা করছে বংলাদেশের গ্যাস বিক্রি করে দিতে এবং চেষ্টা করছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমরা ভুলে যাই না যে এ ষড়যন্ত্র তারা করবেই।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বাংলাদেশের উন্নয়নের রুপকার। তিনি বাংলাদেশকে তাদের (বিএনপি-জামায়াত) সৃষ্টি করা ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নের রোল মডেলে পৌঁছে দিয়েছেন।

নেতাকর্মীদের উদ্দেশে আনিসুল হক বলেন, আমাদেরকে বড় বড় শত্রুর মোকাবিলা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবেন। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।

তিনি বলেন, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে বাংলাদেশ আবার নৈরাজ্যের দেশ হয়ে যাবে। আমরা আর ওই অবস্থায় ফিরে যাব না। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে উঠে গেছে। এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া ক্ষমতায় ছিল তারা একটি মডেল মসজিদও করেনি। অথচ তারা ধর্মের কথা বলে কাত-চিৎ হয়ে যায়। তারা বলত, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উলুধ্বনি পড়বে। অথচ জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) আখাউড়া-লাকসাম রেলের ডাবল লাইন উদ্বোধন হয়েছে। কিছু দিনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু করা হবে। এখন পাঁচ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম ট্রেনে যাতায়াত করা যায়।

খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আবদুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, মো. আনিছুল হক ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন।

এ সময় বক্তব্য দেন- খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহাম্মদ খান, ওয়ার্ড আওয়ামী লীগ আইয়ুবুর রহমান, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক বাছির মিয়া, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান প্রমুখ।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।