খুঁজুন
, ,

হিরো আলমকে হামলার আগে কী ঘটেছিল, জানালেন নির্বাচন কমিশনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 17 July, 2023, 2:43 pm
হিরো আলমকে হামলার আগে কী ঘটেছিল, জানালেন নির্বাচন কমিশনার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ হামলার ঘটনা ঘটে। পরে রাজধানী রামপুরায় বেটার লাইফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

হিরো আলমের ওপর হামলার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, হিরো আলমের সমর্থকসহ অনেক ইউটিউবার ওই কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিল। আপনারা জানেন যে, ওখানে ঢুকতে হলে শুধুমাত্র আপনাদের মতো কার্ডধারী সাংবাদিকরাই ঢুকতে পারেন।

আলমগীর বলেন, কার্ডধারী ছাড়াও প্রায় ৭০ জন ইউটিউবার নিয়ে তিনি সেখানে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটকে দেন এবং পুলিশের সঙ্গে তারা বেশ তর্কাতর্কি করে। পরে পুলিশ তাদেরকে বুঝিয়ে সেখান থেকে বের করে দেন। অর্থ্যাৎ ভোটকেন্দ্রের মধ্যে কিন্তু কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, তিনি (হিরো আলম) যখন রাস্তায় বের হয়ে আসেন তখন কে বা কারা যেন তাকে ধাওয়া দিয়েছে এবং শারীরিকভাবে মারধর করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা আমরা কখনোই কামনা করি না। যারা এ কাজ করেছে তারা অবশ্যই অন্যায় কাজ করেছে। এরইমধ্যে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এবং ইতোমধ্যে একজনকে গ্রেফতারও করেছে। এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং আমাদের জানাতে বলা হয়েছে তারা কী ব্যবস্থা নিয়েছেন।

এদিকে হামলার পর হিরো আলমের ম্যানেজার আমাদের সময়কে বলেন, হিরো আলমের ওপর হামলা হয়েছে। তাকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেন।

হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন হিরো আলম। সেখানে কয়েকজন ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। এ সময় কয়েকজন তাকে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না’, ‘এটা ভোটকেন্দ্র’, ‘এটা গুলশান-বনানী’—এই বলে হিরো আলমকে মারতে শুরু করেন তারা। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, সড়কে সবার সামনেই হিরো আলমের ওপর হামলা করা হয়। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর কয়েকজন তাকে মাটি থেকে তোলেন। সেখানে কালো শার্ট-প্যান্ট পরা একজনকে হিরো আলমের পেটে লাথি মারতে দেখা যায়।

হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া দেন। তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।