খুঁজুন
, ,

সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলেই কেবল সংলাপের প্রশ্ন আসতে পারে -আমীর খসরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 July, 2023, 6:44 am
সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলেই কেবল সংলাপের প্রশ্ন আসতে পারে -আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে জনগণের ভোটে নির্বাচন সম্ভব কিনা জানতে চেয়েছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। বিএনপির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নেই।

দেশে সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলেই কেবল সংলাপের প্রশ্ন আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংলাপের বিষয়ে আমীর খসরু বলেন, ‘সংলাপের বিষয়টি- বাংলাদেশে যেখানে ডেমোক্রেটিক অর্ডার নেই, মানবাধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আইনের শাসন প্রশ্নবিদ্ধ, জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। সংলাপ হচ্ছে ডেমোক্রেটিক অর্ডারের অংশ। যেখানে ডেমোক্রেটিক অর্ডার অ্যাবসেন্স, লেভেল প্লেয়িং ফিল্ড অ্যাবসেন্স, রাজনৈতিক অধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই, অধিকারহীন বাংলাদেশ। সে ক্ষেত্রে সংলাপের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। তারপর তো সংলাপের প্রশ্ন আসবে।’

পর্যবেক্ষক পাঠানো নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘পর্যবেক্ষক পাঠানো বা না পাঠানোর সিদ্ধান্ত তাদের। এর জবাব তো আমরা দিতে পারব না, সেটা তারা উত্তর দিতে পারবে। ’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে তো নির্বাচন হতে হবে? পর্যবেক্ষক পাঠানোর প্রশ্ন তখনই আসে যখন একটা দেশে নির্বাচন হয়। এই মুহুর্ত পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন দেশের জনগণ, গণতান্ত্রিক বিশ্বের জনগণ কেউ বিশ্বাস করে না।’

বাংলাদেশের বিগত নির্বাচনে জনগণ ভোট দিয়ে আজ সরকার গঠন করেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আগামীতে তো বিশ্বাস করার কোনো কারণ নেই। এই প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত তারা দেবে সেটা তাদের ব্যাপার।’

ইইউ প্রতিনিধিদল বাংলাদেশে আসার উদ্দেশ্যটা তো পরিষ্কার করেছে বাংলাদেশে নির্বাচন হয় না, জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, ‘তারা তো নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত ও শ্রীলংকা কোথাও যাচ্ছে না। কেন বাংলাদেশে আসছে? আসলে আগামী নির্বাচন বাংলাদেশে যে হবে না-এর আলামত তো প্রতিদিন দেখতেছি।’

অপর এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এই ইইউ প্রতিনিধিদলের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপট পর্যবেক্ষণ করে ফিরে গিয়ে তারা প্রতিবেদন দেবে।’

এ সময় মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমি আগেও বলেছি কেন বাংলাদেশে সবাই সফর করছে। তারা যখন বক্তব্য শুরু করে তখন তারা কী বলে, তারা বলে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহনমূলক এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখতে চান। এখান থেকে ধরে নেন, বাংলাদেশ সম্পর্কে তাদের কী ধারণা এবং বাংলাদেশে তারা কী চায়। এখান থেকেই ধারণা করে নিতে পারেন, আর তো কিছু লাগে না।’

তিনি আরও বলেন, ‘তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহনমূলক এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখতে চায়, মানবাধিকার চায়, শ্রমিকের আইন সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখতে চায়। এর চেয়ে ডিপ্লোমেটিক অ্যাঙ্গেলে এর চেয়ে বেশি কিছু বলা আছে?’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন ছয়জন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।