খুঁজুন
, ,

এফবিসিসিআইর ব্যবসায়ী সম্মেলন কাল, যোগ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 14 July, 2023, 2:18 pm
এফবিসিসিআইর ব্যবসায়ী সম্মেলন কাল, যোগ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে সারাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আগামীকাল শনিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যবসায়ীদের নানা সমস্যা ও এর সমাধান এবং ভবিষ্যত বিনিয়োগ নিয়ে বক্তব্য দেবেন।

আজ শুক্রবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করতে চলতি বছরের মার্চে এফবিসিসিআইয়ের উদ্যোগে বাংলাদেশ বিজনেস সামিট করা হয়েছে। এ সামিটে বহু বিদেশি, স্থানীয় বিনিয়োগকারী ও বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ এসেছিলেন। বাংলাদেশকে এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সেসব পরামর্শ ও বিজনেস সামিটের প্রাপ্তিগুলোকে বই আকারে প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ী সম্মেলনে সেটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

সম্মেলনে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরা হবে জানিয়ে জসিম উদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শনিবারের সম্মেলনে সারাদেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনভুক্ত ব্যবসায়ীরা আমন্ত্রিত থাকবেন। পাশাপাশি বড় বড় কোম্পানির সিইও এবং বিশিষ্ট ব্যবসায়ীরাও উপস্থিত থাকবেন। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা তাদের চাহিদার কথাগুলো প্রধানমন্ত্রীকে সরাসরি বলার সুযোগ পাবেন। পাশাপাশি ব্যবসায়ীরা তাদের দুঃখ-কষ্টের কথাও প্রকাশের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কথা শুনবেন। এর মাধ্যমে সরকারের সঙ্গে বেসরকারি খাতের একযোগে কাজ করার সঠিক গাইডলাইন পাওয়া যাবে যাবে।

বিগত দুটি জাতীয় নির্বাচনের আগে ব্যবসায়ী সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে নির্বাচনে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন এফবিসিসিআইসহ ব্যবসায়ী সম্প্রদায়। এবারে সম্মেলন থেকে এ ধরনের কোনো ঘোষণা আসবে কি-না‒ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সম্মেলনে বড় বড় অনেক ব্যবসায়ী নেতা বক্তব্য রাখবেন। সেখানে কেউ নিজস্ব বক্তৃতায় এ ধরনের সমর্থন জানালে জানাতে পারে। তবে আমাদের এ সম্মেলন কী নিয়ে তা আমরা ইতোমধ্যে পরিষ্কার করে বলেছি।’

তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনীতির অবস্থা ভালো থাকে না। যেমন- এখন হরতাল-অবরোধ নেই। তাই অর্থনীতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। যদিও এখন রাজনীতিতে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এ সমস্যা সারা বিশ্বেই থাকে। এগুলো অতিক্রম করতে হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যকে স্মার্ট করতে হবে। সেজন্য এনবিআর, কর আদায় ব্যবস্থাকে স্মার্ট করতে হবে।

ব্যবসার উন্নয়ন চলমান রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে উল্লেখ করে এ ব্যবসায়ী নেতা বলেন, বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য পূরণে যেসব সমস্যা ও সম্ভাবনা রয়েছে তা নিয়ে স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ, বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, হাবিব উল্লাহ ডনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।