Bortoman Somoy  |
Bortoman Somoy |

শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ, নাকে অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক Tuesday, 4 July 2023 · 9:53 am

বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ের সময় আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলসে তার এ শুটিং চলচিল। আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছোট একটি অপারেশনও করা হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় ‘আগামী’ সিনেমার শুটিং করছেন শাহরুখ খান। শুটিং করতে গিয়েই নাকে গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে অস্ত্রোপচার হয়েছে তার। আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেতা, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।

শাহরুখের ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায়, লস অ্যাঞ্জেলসে শুটিং চলাকালে নাকে আঘাত পান। এরপর নাক থেকে গলগল করে রক্ত পড়তে থাকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে। অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায়।’ তবে এই দুর্ঘটনার বিষয়ে অভিনেতা বা তার টিম কেউই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

চলতি বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে দীর্ঘ চার বছর পর চলচ্চিত্রে ফেরেন শাহরুখ। এ সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। বছরের শুরুতেই কিং খানের হাত ধরে বলিউড প্রাণ ফিরে পায়। চলতি বছরে তার আরও দুটো সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘জওয়ান’ সিনেমার। এ সিনেমায় তাকে লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ৩৬ কোটি রুপিতে এ সিনেমার মিউজিক রাইটস কিনেছে জনপ্রিয় মিউজিক লেবেল ‘টি সিরিজ’।

অন্যদিকে, বছর শেষে শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা। এ সিনেমার হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। আশা করা হচ্ছে এ দুটি সিনেমাতেও শাহরুখ বাজিমাত করবেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/8930
প্রিন্ট করুন