Bortoman Somoy  |
Bortoman Somoy |

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকা‌লে ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক Wednesday, 28 June 2023 · 10:23 am

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আরিফ (২৪) ও মামুন(২৩)। তাদের কাছ থেকে ছিনতাই ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, গ্রেপ্তার আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই মো. শাহেদ বলেন, ঢাকা উদ্যান দুই নম্বর রোডের একটি প্লটে কিছু গরু ব্যবসায়ীরা গরু এনে রেখেছে। সেগুলোকে গরু ব্যবসায়ীরা হাটে নিয়ে বিক্রি করে। মধ্যরাতে ওই প্লটে এসে চারজন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে অন্য ব্যবসায়ী এবং স্থানীয়রা চলে আসলে দুইজন পালানোর চেষ্টা করলেও চাপাতিসহ আটক করে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ জা‌নি‌য়েছেন তি‌নি ৩৩ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তারা পেশাদার ছিনতাইয়ে সঙ্গে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে তার সঙ্গে আরিফ ও মামুন জড়িত। মামুনের বিরুদ্ধে দুইটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এই ঘটনায় গরুর ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/8338
প্রিন্ট করুন