Bortoman Somoy  |
Bortoman Somoy |

সাতকানিয়ার চরতি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক Saturday, 24 June 2023 · 12:40 pm

ভ্রাম্যমাণ আদালতের আদেশ পালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতি সাধন করায় সাতকানিয়ার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২০ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি–১ শাখার এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের আদেশ পালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতি সাধন করায় চট্টগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

রুহুল্লাহ চৌধুরী কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার ই-মেইলে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/7796
প্রিন্ট করুন