শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত, তবে এর আগে ঢাকা থেকে দুটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চায় নয়াদিল্লি। প্রথমত, তাকে ফিরিয়ে নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সোয়া দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
অন্যদিকে, কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
বাংলাদেশ সরকারও বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরেই ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠায়। পরবর্তী সময়ে একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি নয়াদিল্লি।
বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এখন দিল্লির জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে ভারত। তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায়, বাংলাদেশে ফেরত পাঠানো এবং সেখানে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়াকেই এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ।
তবে শেখ হাসিনাকে সাধারণ কোনো বন্দির মতো বাংলাদেশে পাঠাতে রাজি নয় ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির প্রথম শর্ত হলো, যেভাবে তিনি ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে। সামরিক বিমানে দিল্লি থেকে তাকে নিয়ে যাওয়া অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাবাহিনীর কাছে হস্তান্তর দুই ধরনের ব্যবস্থাই বিবেচনায় থাকতে পারে।
দ্বিতীয় শর্তটি বিচারপ্রক্রিয়া ঘিরে। ভারত চায়, শেখ হাসিনা দেশে ফিরে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়। পাশাপাশি বিচারপ্রক্রিয়া যেন সুষ্ঠু ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকে, সেটিও নিশ্চিত করতে চায় দিল্লি।
বিবিসির প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না ভারত। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটিই তাদের প্রত্যাশা। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ তৈরি করতে চায় না নয়াদিল্লি।
এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে দুই দেশের সেনাবাহিনীর যোগাযোগকেও গুরুত্বপূর্ণ মনে করছে ভারত।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আকস্মিকভাবে দিল্লি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বিবিসির একটি সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক বছর রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সেই যোগাযোগকে কাজে লাগিয়ে দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখতে চাইছে দিল্লি।
সব মিলিয়ে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থানে নতুন হিসাব-নিকাশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দিল্লির কথিত দুই শর্তে ঢাকা সম্মত হবে কি না, প্রত্যর্পণ প্রক্রিয়া কোন পথে এগোবে এবং শেখ হাসিনার দেশে ফেরা আদৌ ডিসেম্বরে সম্ভব হবে কি না তা এখনো স্পষ্ট নয়।