Bortoman Somoy  |
Bortoman Somoy |

বোয়ালখালীতে ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক Wednesday, 11 November 2026 · 3:48 pm

চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে মশাল মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে মশাল হাতে কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওটি ‘মোহাম্মদ ইফতু’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এর আগে একই পেজ থেকে অবরোধ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছিল।

 

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে দাবি করা হয়, ৫ আগস্টের পর এই প্রথম বোয়ালখালীতে যুবলীগ-ছাত্রলীগের পক্ষ থেকে অবরোধ ও মশাল মিছিল করা হয়েছে।

 

এদিকে সম্ভাব্য নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে ‘বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে সন্ধ্যায় মোটরসাইকেল মিছিল বের করা হয়।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাঁরাও দেখেছেন। তবে ভিডিওটি বোয়ালখালীর কি না, তা যাচাই করা হচ্ছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25646
প্রিন্ট করুন