Bortoman Somoy  |
Bortoman Somoy |

শেখ হাসিনাই দেশকে সংকট থেকে উত্তরণের পথ দেখাতে পারেন, দাবি ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক Tuesday, 10 November 2026 · 12:53 pm

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে গভীর সংকট ও অস্থিরতার সময় হিসেবে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের পথ দেখাতে একমাত্র শেখ হাসিনাই সক্ষম। তাঁর ভাষ্য, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনাই দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার দিশা দিতে পারেন।

 

পোস্টে ওবায়দুল কাদের শেখ হাসিনার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারেক রহমান ও তাঁর অনুসারীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনার জীবনের ওপর কোনো ধরনের হামলার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের এর চড়া মূল্য দিতে হবে।

 

এ সময় দেশে সম্ভাব্য গৃহযুদ্ধের আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশের মানুষ রক্তক্ষয়ী সংঘাত বা গৃহযুদ্ধ দেখতে চায় না উল্লেখ করে রাজনৈতিক পক্ষগুলোকে সংঘাত উসকে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

 

পোস্টের শেষাংশে রাজনৈতিক সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25604
প্রিন্ট করুন