Bortoman Somoy  |
Bortoman Somoy |

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ইঙ্গিত, সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

নিজস্ব প্রতিবেদক Monday, 9 November 2026 · 8:49 pm

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঠেকানোর ইঙ্গিত দিয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করার পর কেউ আবার তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তৌফিক চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

 

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকের শুরুতে মোনাজাত পরিচালনাকালে এ প্রার্থনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

 

মোনাজাতে তিনি বলেন, ‘রব্বুল আলামিন, এই সংসদে আপনি আমাদেরকে ফ্যাসিস্টকে বিতাড়িত করার তৌফিক দিয়েছেন। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার কোনো প্রেক্ষাপট তৈরির চেষ্টা করে, তাকে যেন আমরা প্রতিহত করতে পারি।’

 

সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র পরিচালনায় সরকারকে সক্ষমতা দেওয়ার জন্যও দোয়া করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও বিশেষ প্রার্থনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

 

এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রয়াত সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালনের পর স্পিকারের অনুরোধে মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

 

উল্লেখ্য, মোনাজাতে শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ না করলেও তাঁর দেশে ফেরার প্রচেষ্টা প্রতিহত করার ইঙ্গিত হিসেবেই বক্তব্যটিকে উল্লেখ করেছে সংবাদমাধ্যমগুলো। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25600
প্রিন্ট করুন