Bortoman Somoy  |
Bortoman Somoy |

বোয়ালখালীতে থানার কাছেই ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক Sunday, 8 November 2026 · 5:52 pm

চট্টগ্রামের বোয়ালখালীতে থানার প্রায় ৮০০ মিটার দূরে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রোববার (৮ নভেম্বর) ভোরে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত ওয়াসিম আল ইমনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের প্রায় এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন ওয়াসিম আল ইমন। ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি দাবি করেন, বোয়ালখালী থানার মাত্র ৮০০ মিটার দূরে এলাকায় ছাত্রলীগের ব্যানারে এটি ছিল তাদের প্রথম মিছিল।

ভিডিওতে ১১ থেকে ১২ জনকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এ সময় তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। ব্যানারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের নামও উল্লেখ করা হয়।

তবে ওয়াসিম আল ইমন ছাত্রলীগের কোন পদে রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, পৌর সদরের তুলাতল থেকে পুরান থানা রোড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মিছিলের বিষয়ে আগে থেকে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। ভিডিওটি পাওয়ার পর মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25572
প্রিন্ট করুন