Bortoman Somoy  |
Bortoman Somoy |

জেলহত্যা দিবস আজ, কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ৫১ বছর পূর্ণ

নিজস্ব প্রতিবেদক Tuesday, 3 November 2026 · 12:59 pm

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। আজ তাদের ৫১তম শাহাদাতবার্ষিকী।

 

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর এক শোকাবহ ও কলঙ্কজনক দিন। রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় দেশের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত তৈরি করে।

 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই চার নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তাজউদ্দীন আহমদ। ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান পালন করেন স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রীর দায়িত্ব। তাদের নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকা মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর জাতীয় এই চার নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। একই বছরের ৩ নভেম্বর ভোররাতে কারাগারের ভেতরে ঢুকে ঘাতকরা গুলি চালিয়ে চার নেতাকে হত্যা করে। এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।

 

হত্যাকাণ্ডের পরদিন ৪ নভেম্বর লালবাগ থানায় মামলা করা হয়। তবে তৎকালীন সরকারের জারি করা ইনডেমনিটি অধ্যাদেশের কারণে দীর্ঘদিন তদন্ত ও বিচারপ্রক্রিয়া কার্যত বন্ধ থাকে। ১৯৯৬ সালে ওই অধ্যাদেশ বাতিলের পর নতুন করে তদন্ত শুরু হয়।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত জেলহত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়। তিনজনকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

পরবর্তী সময়ে উচ্চ আদালতের বিভিন্ন পর্যায়ে রায় পরিবর্তিত হয়। ২০১৩ সালের ৩০ এপ্রিল আপিল বিভাগ দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার আবুল হাশেম মৃধার মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে রিসালদার মোসলেম উদ্দিনের মৃত্যুদণ্ড এবং আটজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।

 

প্রতিবছর ৩ নভেম্বর জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়। মুক্তিযুদ্ধে তাদের অবদান এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তাদের আত্মত্যাগ স্মরণ করেন দেশবাসী।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25439
প্রিন্ট করুন