Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক Sunday, 1 November 2026 · 3:01 pm

দেশে ফিরলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে—এমন আশঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিশোধ নেওয়া তাঁদের রাজনৈতিক চরিত্র নয়। রাজনৈতিকভাবে তাঁর পক্ষে কিংবা বিপক্ষে—সবাইকে নিয়েই তিনি রাজনীতি করেন।

 

গত ৩১ অক্টোবর প্রকাশিত বিডিডাইজেস্টের একটি সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে শেখ হাসিনার এই বক্তব্য তুলে ধরা হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাঁর দেশে ফেরা নিয়ে ভীত কি না—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে যারা বিভ্রান্ত হয়েছেন, তাঁরাও এ দেশের নাগরিক। তাঁদের প্রতি ক্ষোভ নয়, বরং করুণা করার কথা উল্লেখ করেন তিনি।

 

শেখ হাসিনা আরও বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পরও তাঁরা প্রতিশোধের পথে হাঁটেননি। তাঁর ভাষায়, ‘আমি তো সবার জন্যই রাজনীতি করি—আমার পক্ষে থাক বা বিপক্ষে।’

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

 

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে ফেরার নির্দিষ্ট তারিখ ও সময় এখনো ঘোষণা করেননি। দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথাও তিনি জানিয়েছিলেন।

 

শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। তবে তাঁর প্রত্যাবর্তন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এখনো নানা আইনি ও রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25397
প্রিন্ট করুন