Bortoman Somoy  |
Bortoman Somoy |

চট্টগ্রামে বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক Thursday, 29 October 2026 · 12:24 pm

চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকার বাসার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামী আবুল কালাম আগেই মারা গেছেন। তিনি মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর বড় ছেলের মৃত্যু হয়। এরপর ছোট ছেলের সঙ্গে একই বাসায় থাকতেন তিনি। বুধবার সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাবার বাড়িতে থাকায় দিনের বেলায় বাসায় একাই ছিলেন নুর নাহার।

 

সন্ধ্যার দিকে বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদরঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে তাঁর শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25320
প্রিন্ট করুন