বাংলাদেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত অগণতান্ত্রিক ও একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশের মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক স্বাধীনতা এবং ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ের অংশ হিসেবে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টারদের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী একটি প্রধান রাজনৈতিক দলকে সুপরিকল্পিতভাবে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার যে অপচেষ্টা চলছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা।গণতন্ত্র ও সংবিধানের চরম লঙ্ঘন
চিঠিতে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা বাংলাদেশের সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সংবিধানে প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের যে মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, বর্তমান অনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে তা পদদলিত করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় একটি অগণতান্ত্রিক পন্থায় সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাঁয়তারা করা হয়। পরবর্তীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার সেই অগণতান্ত্রিক পথ অনুসরণ করে নিষেধাজ্ঞা কেবল বহালই রাখেনি, বরং সংসদের মাধ্যমে এর আইনি ভিত্তি দেওয়ার অপচেষ্টা চালিয়েছে—যা দেশের গণতান্ত্রিক ইতিহাস এক কলঙ্কজনক অধ্যায়।
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অনুপস্থিতি ও জনগণের ভোটাধিকার হরণ
শেখ হাসিনা তাঁর চিঠিতে গত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত তথাকথিত একপাক্ষিক নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক এবং একটি বিশাল রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে কোনোভাবেই একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না।
একটি বড় রাজনৈতিক দলকে মেইনস্ট্রিম রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ফলে দেশের বিপুলসংখ্যক সাধারণ মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং তাদের মৌলিক ভোটাধিকার আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ ও অবরুদ্ধ।সমর্থকদের ওপর নির্যাতন ও আইনি বাধার অভিযোগ
চিঠিতে আরও তুলে ধরা হয়েছে যে, নিষেধাজ্ঞা জারির পর থেকেই সারা দেশে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ও সাধারণ সমর্থক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। তাদের ওপর অব্যাহত হামলা, মামলা এবং হয়রানি চালানো হচ্ছে। শুধু তাই নয়, সরকারের চক্রান্তের কারণে দলটির নেতাকর্মী ও সমর্থকরা যাতে কোনো আইনি সহায়তা বা ন্যায়বিচার না পান, সেই বিষয়েও কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
জাতিসংঘের বিশেষ র্যাপোর্টারদের প্রতি জরুরি আহ্বান
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ বিশেষজ্ঞদের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বিশেষ করে—
* সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবাধিকার রক্ষা,
* শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা, এবং
* গণতান্ত্রিক ও ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থা-সংক্রান্ত বিশেষ র্যাপোর্টারদের প্রতি এই আহ্বান জানানো হয়।
তিনি অবিলম্বে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে একটি জোরালো ও প্রকাশ্য বিবৃতি দেওয়ার অনুরোধ জানান।
জাতীয় ঐকমত্য ও রাজনৈতিক সমঝোতার পথ
সম্প্রতি ওয়াশিংটনে এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আলোচনা ও জাতীয় পুনর্মিলনের এক উদার প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের নীতিগত অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং একটি কার্যকর সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হলে সবার আগে আওয়ামী লীগের ওপর থেকে সমস্ত অবৈধ ও অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের টানে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিকল্প নেই।