Bortoman Somoy  |
Bortoman Somoy |

মিছিলের আগমুহূর্তে ছাত্রলীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক Sunday, 25 October 2026 · 3:08 pm

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, দৈনিক বাংলা মোড় এবং গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ভোলা ও বরিশালসহ বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরা রয়েছেন। তাঁদের উদ্দেশ্য ছিল বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করা।

 

গ্রেপ্তারের পর তাঁদের পল্টন থানায় নেওয়া হয়েছে। পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেপুলিশ।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25214
প্রিন্ট করুন