Bortoman Somoy  |
Bortoman Somoy |

মামলা হলে প্রধান আসামি করতে বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক Sunday, 25 October 2026 · 12:52 pm

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় কোনো মামলা হলে নিজেকেই এক নম্বর আসামি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

শনিবার (২৪ অক্টোবর) নিজের লিখিত বক্তব্যে এ অবস্থান জানান তিনি। এর আগে, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা।

 

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলতে তিনি সরাইল থানায় যান। সেখানে ওসির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

 

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লেখযোগ্য ঘটনা নথিভুক্ত রাখতেই জিডি করা হয়েছে; এটি কোনো অভিযোগ নয়।

 

রুমিন ফারহানা জানিয়েছেন, ওসির বিরুদ্ধে তাঁর দেওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেয়, তা তিনি পর্যবেক্ষণ করছেন। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তিনি।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25211
প্রিন্ট করুন