Bortoman Somoy  |
Bortoman Somoy |

বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণে দিল্লি পুলিশকে সিজেপির আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক Monday, 12 October 2026 · 1:18 pm

ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না জানালে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

 

সোমবার (১২ অক্টোবর) দলের সহ-সমন্বয়ক আশুতোষ রানকা ও সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে বিক্ষোভের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান। তাঁদের বক্তব্য, যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে এবং এ বিষয়ে পুলিশকে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে।

 

আশুতোষ রানকা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষোভ আয়োজনের তারিখ ও প্রক্রিয়া সম্পর্কে পুলিশকে জানাতে হবে। অন্যথায় পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে সিজেপি।

 

এর আগে গত ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের অনুমতি চেয়েও তা পায়নি দলটি। দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের অনেক পরে কর্মসূচির বিষয়ে জানানো, আগের বিক্ষোভে শর্ত লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি।

 

পুলিশের দাবি, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে ৭ অক্টোবর অবহিত করা হয়েছিল। অথচ এ ধরনের কর্মসূচির জন্য অন্তত ১০ দিন আগে আবেদন করার নিয়ম রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ভারতের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়।

 

এ ছাড়া আগের বিক্ষোভে নির্ধারিত সময়ের পরও কর্মসূচি চালিয়ে যাওয়া এবং পুলিশের নির্দেশনা অমান্যের অভিযোগও অনুমতি প্রত্যাখ্যানের কারণ হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশ।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24837
প্রিন্ট করুন