Bortoman Somoy  |
Bortoman Somoy |

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন পর্যটকেরা

নিজস্ব প্রতিবেদক Sunday, 11 October 2026 · 5:13 pm

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

অবরোধ চলাকালে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে সাজেকগামী পর্যটক ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

 

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। অবরোধের কারণে সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে যাওয়া অনেক পর্যটক বাঘাইহাট এলাকায় আটকা পড়েন। একইভাবে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে পর্যটকবাহী গাড়িও সকালে চলাচল করতে পারেনি।

 

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা জানান, পর্যটন মৌসুমে প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক পর্যটক মাহিন্দ্রা ও জিপে করে সাজেকে যাতায়াত করেন। নিরাপত্তা বাহিনীর পাহারায় দুপুর ২টার দিকে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করার কথা ছিল।

 

অন্যদিকে, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁর অভিযোগ, বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সময় আন্দোলনকারীরা বাধার মুখে পড়ছেন।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গাড়ি চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24788
প্রিন্ট করুন