Bortoman Somoy  |
Bortoman Somoy |

বাংলাদেশের বড় বাজারে বিনিয়োগে নজর জাপানি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক Monday, 7 September 2026 · 10:33 pm

বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত অভ্যন্তরীণ বাজার জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। বিশেষ করে চট্টগ্রামের জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা দেখছে জাপানের ব্যবসায়ীরা।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি কাজুইকি কাতাওকা।

 

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের পরিধি প্রতিনিয়ত বাড়ছে। বড় ভোক্তা বাজারকে কেন্দ্র করে জাপানি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি এখান থেকে বিভিন্ন দেশে পণ্য রপ্তানির সুযোগও কাজে লাগাচ্ছে। বর্তমানে কয়েক শতাধিক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে।

 

কাতাওকা আরও বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সঙ্গেও সহযোগিতা বাড়াতে আগ্রহী জাপান।

 

সভায় চট্টগ্রামে জাপানি বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। ব্যবসায়ীরা জ্বালানি ও এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি, সোলার ব্যাটারি, সেমিকন্ডাক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

 

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। দেশের বিভিন্ন বড় প্রকল্পে জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তার উদাহরণ তুলে ধরে তিনি চট্টগ্রামের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতেও জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

 

তিনি বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি এবং স্টার্টআপ খাতেও জাপানের সহযোগিতার সুযোগ রয়েছে।

 

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, বন্দর, যোগাযোগ ব্যবস্থা ও ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রামকে ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ও লজিস্টিকস কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে জাপানের সঙ্গে বেসরকারি খাতের অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন।

 

সভায় বাংলাদেশ থেকে জাপানে তৈরি পোশাক রপ্তানি বাড়ানো এবং জ্বালানি, প্রযুক্তি, এসএমই ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

ইতি/

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/24477
প্রিন্ট করুন