কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশস।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলায় আলমগীর চৌধুরী আসামি হয়েছেন। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও সংশ্লিষ্ট নিম্ন আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে জামিনের বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায়ও আলমগীর চৌধুরী আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে পরিবারের পক্ষ থেকে পুলিশের বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানানো হয়েছে। আলমগীর চৌধুরীর ভাই বিটুর দাবি, তার ভাই বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বিশেষ ক্ষমতা আইনের মামলাটির বাদীও আদালতে আপসনামা দিয়েছেন বলে দাবি করেন তিনি।
আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার টানা দুই মেয়াদে নির্বাচিত মেয়র ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইতি/