সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথোপকথনের দাবি করে একটি নতুন অডি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ছড়িয়ে পড়া ক্লিপে শেখ হাসিনার সঙ্গে একজনের কথোপকথন শোনা যায়। সেখানে আত্মীয়-স্বজন প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কোনো আত্মীয় নাই।’ কথোপকথনের শেষ দিকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ধৈর্য ধরো, দিন আসবে’—এমন দাবি করা হচ্ছে।
তবে অডিওটি কবে, কোথায় এবং কার সঙ্গে কথোপকথনের সময় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অডিওতে থাকা কণ্ঠ ও বক্তব্যের সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটিকে যাচাইহীন দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এর আগে ২০১৩ সালের এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের প্রসঙ্গে ‘আমার কোনো আত্মীয় নেই’—এমন বক্তব্য দিয়েছিলেন বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ফলে নতুন অডিওর বক্তব্যের সঙ্গে পুরোনো বক্তব্যের মিল থাকলেও দুটি বক্তব্যকে একই ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও, এর উৎস ও সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের পরামর্শ সংশ্লিষ্টদের।
ইতি/