Bortoman Somoy  |
Bortoman Somoy |

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে: ইসি সচিব

অনলাইন ডেস্ক Sunday, 29 October 2023 · 11:51 am

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে।

রোববার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ইসি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিব এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, তাদের দেশে নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে সেটাই মূলত তথ্যের আদান-প্রদান হয়েছে। উনারা কিছু প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয় জানতে চেয়েছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল যে তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

প্রতিনিধি দলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলংকার দুই জন প্রধান নির্বাচন কমিশনার এবং নেপালের একজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/17750
প্রিন্ট করুন