Bortoman Somoy  |
Bortoman Somoy |

এবারও সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক Sunday, 24 September 2023 · 5:50 pm

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে আজ রবিবার। এতে প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ণ অন্য শিক্ষার্থীরা হলেন- ফাহাদ ইসতিয়াক, মেহেদী হাসান, মৌসুফা তানিয়া মৌলি, শারমিন, উদাস গোস্বামী, কবির, আরিফ আফসার শুভ, সাথী, নাঈমা হক, মতিউর রহমান, বাপ্পি ভূঁইয়া ও নাইম উল হুসাইন প্রমুখ।

আজ রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ৯৯তম, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম ও ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর বলেন, ‘এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে ১৫ জন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন। তবে এ সংখ্যাটি আরও বাড়তে পারে ‘

সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। ’

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/16215
প্রিন্ট করুন