Bortoman Somoy  |
Bortoman Somoy |

সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে আইআইইউসি ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক Wednesday, 6 September 2023 · 1:30 pm

সীতাকুণ্ডের পাহাড়ি ঝর্ণার পানিতে ডুবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পাহাড়ে অবস্থিত বিরাশি ঝর্ণায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম একেএম নাইমুল হাসান (২০)। তিনি চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানার উত্তর কাট্রলি নাথ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন তিনি।

নিহত নাইমুল হাসানের সঙ্গী আজহারুল হক ভূঁইয়া বলেন, সকালে চট্টগ্রাম শহর থেকে আমরা চারজন বাঁশবাড়িয়ায় বিরাশি ঝর্ণা দেখতে যাই। আমরা সবাই ঝর্ণায় গোসল করতে নামি। তবে নাইমুল হাসান সাঁতার জানতো না। তাছাড়া সে যেদিক দিয়ে নামে সেদিকে সম্ভবত গভীর গর্ত ছিল। ঝর্ণায় নামার সাথে সাথে সে নিচে তলিয়ে যায়। তখন আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া জানান, সকালে বাঁশবাড়িয়ার বিরাশি নামক একটি ঝর্ণায় গোসল করতে নামে চার পর্যটক। তাদের মধ্যে একজন ঝর্ণার পানিতে নিখোঁজের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সাঁতার না জানার কারণে ঝরণার পানিতে ডুবে এই পর্যটকের মৃত্যু হয় বলে তিনি জানান।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/15072
প্রিন্ট করুন