Bortoman Somoy  |
Bortoman Somoy |

‘বিএনপি নেতারা সিঙ্গাপুরে চিকিৎসা নাকি ষড়যন্ত্র করতে গেছেন?

অনলাইন ডেস্ক Sunday, 27 August 2023 · 11:54 am
বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার সিঙ্গাপুর সফর নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, পত্র-পত্রিকায় লেখা হয়েছে— তারা (বিএনপি নেতারা) কি আদৌ চিকিৎসা নিতে গেলেন, নাকি আবার কোনো ষড়যন্ত্র করতে একসঙ্গে সিঙ্গাপুর গেলেন, এটি অনেকের প্রশ্ন।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার এক আলোচনা সভায় রোববার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে ‘আইভি রহমান পরিষদ’।

চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সঙ্গে তাদের স্ত্রীরাও রয়েছেন। তাদের আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকুও দেশের বাইরে।
এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, কোনো ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তাদের তিন নেতা একইসঙ্গে সিঙ্গাপুর গেলেন কিনা এটি অনেকের প্রশ্ন।
বিএনপির নির্বাচন বর্জন করার অধিকার আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এবার নির্বাচন প্রতিহত করার চেষ্টা যদি কেউ করে, তাহলে দেশের মানুষ কঠোর হাতে সেটি প্রতিহত করবে। এটি ২০১৪ সাল নয়, এটি ২০২৩ সাল। এখন ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তি করবেন, সেটি এদেশের মানুষ করতে দেবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে তার লোকেরা হত্যা করেছিল মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া সোয়া দুই দফায় ১০ বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেনি। কারণ কী? কেঁচো খুঁড়তে সাপ বের হবে, সেজন্য জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেনি। খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে আজকের বিএনপিও সেই হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আইভি রহমান পরিষদের আহ্বায়ক অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/14133
প্রিন্ট করুন