Bortoman Somoy  |
Bortoman Somoy |

আ.লীগকে ভোট দেওয়ার আহ্বান জানানো দেওয়ানগঞ্জের ওসিকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক Saturday, 26 August 2023 · 1:27 am

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানানো জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ওসি শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ সার্কেলের এএসপি সুমন কান্তি চৌধুরী।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চাওয়ার কথা জানান জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। প্রকাশ্যে মাইকে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এ ছাড়া দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সুযোগ্য মেয়র এবং স্থানীয় সংসদ সদস্যকে মাটি ও মানুষের নেতা ও নয়নের মণি বিশেষণেও অভিহিত করেন ওসি শ্যামল চন্দ্র ধর। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। শুক্রবার (২৫ আগস্ট) ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

একই চিঠিতে ওসি (তদন্ত) মো. হাবিব সাত্তিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দেওয়ানগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/13973
প্রিন্ট করুন