Bortoman Somoy  |
Bortoman Somoy |

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের তিন বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক Monday, 14 August 2023 · 7:04 am

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক মো.আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। মুক্তিযোদ্ধা সংসদের ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় রেদোয়ানকে এ সাজা দেয়া হয়েছে। তবে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম জানান, মামলায় ১৫ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১০ জন আদালতে সাক্ষ্য দেন। এর আগে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম রমনা থানায় মামলাটি করেন।

মামলায় অভিযোগে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হাট-বাজার থেকে প্রতি বছর যে টাকা মন্ত্রণালয় পায় তার ৪ ভাগ টাকা দুস্থ ও বেকার মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে দেয়া হয়, যার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। এই টাকা জমা রাখার জন্য সোনালী ব্যাংক মগবাজার শাখায় একটি হিসাব রয়েছে। ২০০২ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান রেদোয়ান আহমেদ ও মুক্তিযোদ্ধা সংসদের অর্থসচিব শাহ আলম এই অর্থের জিম্মাদার হিসেবে বহাল থাকাবস্থায় ওই হিসাব থেকে ৫০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/12975
প্রিন্ট করুন