Bortoman Somoy  |
Bortoman Somoy |

হজযাত্রীদের উদ্দেশ্যে সৌদি গ্রান্ড মুফতির বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক Saturday, 24 June 2023 · 6:06 pm

মক্কায় হজ করতে যাওয়া যাত্রীদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন সৌদি আরবের প্রধান মুফতি ও সিনিয়র উলামা কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আব্দুল আজিজ আল শায়খ।

হজের মৌসুমে হজযাত্রীদের কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, এটা আল্লাহ তায়ালার প্রতি সম্মান প্রদর্শনের পবিত্র জায়গা, ইবাদত কবুলের জায়গা। এ সময় প্রত্যেকের এমন কাজ থেকে দূরে থাকা জরুরি যা বায়তুল্লাহর জিয়ারত, আত্মিক ও মানসিক প্রশান্তির ক্ষেত্রে বাঁধা প্রদান করে এবং ঘৃণা-বিদ্বেষ ছড়ায়। এসময় কোনো ধরনের রাজনৈতিক শ্লোগান দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন এজন্য তার শুকরিয়া আদায় করি। হজের বরকতময় দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা শান্তিপূর্ণ দেশ সৌদি আরবে একত্রিত হন, আল্লাহ তায়ালা এর সম্মান ও গৌরব চিরস্থায়ী করুন।

সৌদি আরবের প্রধান মুফতি শায়খ আব্দুল আজিজ আল শায়খ হজযাত্রীদের তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে বলেছেন, এর প্রথমটি হলো- একমাত্র আল্লাহ তায়ালার জন্য একনিষ্ঠ মনে ইবাদতের নিয়ত করা; হাজীদের অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের ইচ্ছা থাকতে হবে এবং হজ পালনের সময় হাজীদের অবশ্যই আল্লাহ তায়ালার পবিত্রতা ও সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে।

তিনি হজযাত্রীদের বলেন, আল্লাহ তায়ালা পবিত্র ভূমিতে একত্রিত হওয়ার মাধ্যমে তাদের যেই নেয়ামত দান করেছেন, এই বিষয়ে তারা যেন সতর্ক থাকেন। সূত্র: সৌদি গেজেট

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/7837
প্রিন্ট করুন