সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় ভারত। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কয়েকটি শর্তের কথা উঠে এসেছে বলে বিবিসি বাংলার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং দেশে ফেরার পর তাঁর ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন, প্রত্যাবর্তনের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভারতের সাবেক বাংলাদেশ হাইকমিশনার বীণা সিক্রি সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা বলেছেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে সেনাবাহিনীর নেতৃত্বেই ভারতে নেওয়া হয়েছিল; প্রয়োজনে তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে।
তবে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন নিয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান এবং বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি।