Bortoman Somoy  |
Bortoman Somoy |

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক Wednesday, 11 November 2026 · 10:40 pm

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25655
প্রিন্ট করুন