Bortoman Somoy  |
Bortoman Somoy |

কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত ঘোষের মৃত্যু, শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক Wednesday, 11 November 2026 · 12:55 am

কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত এক শোকবার্তায় শেখ হাসিনা এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

শোকবার্তায় বলা হয়, রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ২১ আগস্ট একটি মামলায় গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

 

তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় বারবার জামিন ও চিকিৎসার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে কারাগারে তাঁর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

শোকবার্তায় শেখ হাসিনা আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে কারাগারে এবং দেশের বিভিন্ন স্থানে নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত কারাগারে অন্তত ৭১ জন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।

 

রঞ্জিত কুমার ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে রঞ্জিত কুমার ঘোষকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আগের দিন রোববার তাঁর জামিন মঞ্জুর হয়েছিল এবং সোমবার কারামুক্ত হওয়ার কথা ছিল।

 

তবে কারাগারে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর স্বজনেরা। অন্যদিকে, কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অসুস্থ হওয়ার পর তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়।

 

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25631
প্রিন্ট করুন