আগামী ১০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে দেশব্যাপী অনুষ্ঠেয় ‘সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে ছাত্রলীগ এ কর্মসূচি ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়া রায় বাতিল, মামলা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। এ ছাড়া শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও আবাসনের অধিকার নিশ্চিত করা, বহিষ্কারাদেশ বাতিল এবং সনদপত্র পুনর্বহালের দাবিও উল্লেখ করা হয়েছে।
অর্থনৈতিক ও কর্মসংস্থানসংক্রান্ত দাবির মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস, পানি ও সারের দাম কমানো; পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া; চাকরিতে যাচাই-বাছাইয়ের নামে হয়রানি ও রাজনৈতিক স্ক্রিনিং বন্ধ এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিও জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বর্তমান সরকারের সমালোচনা করে আওয়ামী লীগ দাবি করেছে, দেশের শিক্ষা ও সামগ্রিক পরিস্থিতি সংকটের দিকে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দলমত নির্বিশেষে প্রতিবাদ ও ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগ আরও জানায়, ছাত্রসমাজ, অভিভাবক ও সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট দাবির প্রতি সংহতি জানিয়ে তারা ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
বিজ্ঞপ্তির শেষাংশে ১০ নভেম্বরের কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের সব শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।