জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে এক যুবককে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী খাদিজা আক্তার উর্মিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সাদিয়া আক্তার সেতু।
খাদিজা আক্তার উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ধানমন্ডির ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় মো. সজিব ইসলাম (৩২) নামে এক যুবক পিঠ ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারা যুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে দাবি করেন, তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণে হামলার ঘটনায় উর্মির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অন্য মামলায় তিনি কারাগারে থাকায় এ মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।