ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, গ্রেপ্তার, কারাবাস, নির্যাতন এমনকি হত্যার আশঙ্কা থাকলেও আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তে তিনি অটল রয়েছেন।
সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ই-মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরলে সম্ভাব্য পরিণতি সম্পর্কে শেখ হাসিনা সচেতন। তবে এসব ঝুঁকি তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে জানিয়েছেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার, কারাবন্দি, নির্যাতন কিংবা হত্যা করা হতে পারে—এমন আশঙ্কা তাঁর রয়েছে। তবুও দেশের মানুষের কষ্ট দূর থেকে দেখে বাকি জীবন কাটাতে চান না তিনি। প্রয়োজনে নিজ দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চান বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তবে ভারত থেকে কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা জানাননি তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।