বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনের বারান্দায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের চতুর্থ তলার করিডরে অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী স্লোগান দেয়। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
এরপর ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন তৈরি করে। ৪ নভেম্বর প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়।
ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন—নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি; অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।