গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রেহাই পাননি তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজনু সরকার (৪৬) গোবিন্দগঞ্জ উপজেলার আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন মজনু সরকার। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।