গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গণগ্রেপ্তার, তল্লাশি ও নির্যাতনের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে গ্রেপ্তার ও তল্লাশি বন্ধ এবং নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মাধ্যমে ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে। এতে গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।
গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। একই ধরনের পরিস্থিতি দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলা, মানবাধিকার লঙ্ঘন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং অর্থনৈতিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। এসব পরিস্থিতির জন্য সরকারের নীতির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধীদের দমনে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিবৃতিতে অবিলম্বে গণগ্রেপ্তার ও গণতল্লাশি বন্ধ, নির্যাতনের অভিযোগের প্রতিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আওয়ামী লীগ পাশে থাকবে বলেও উল্লেখ করা হয়।