Bortoman Somoy  |
Bortoman Somoy |

দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক Sunday, 25 October 2026 · 6:04 pm

দীর্ঘদিন ধরে নতুন কমিটি নেই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর আগের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করা হলেও এখনো কমিটি ঘোষণা না হওয়ায় হতাশা বাড়ছে পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। স্থানীয় গ্রুপিং, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এবং বিভিন্ন নেতার বলয়কেন্দ্রিক রাজনীতির কারণে কমিটি গঠন বিলম্বিত হচ্ছে এ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

তৃণমূল নেতাকর্মীদের দাবি, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে বিগত কমিটির অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রতিকূল পরিস্থিতিতে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার ইতিহাসকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নতুন নেতৃত্ব তৈরির সুযোগ রাখতে হবে, যাতে জেলা থেকে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা যায়।

 

তাঁদের আশঙ্কা, যোগ্যতা ও সাংগঠনিক অভিজ্ঞতার পরিবর্তে বিভিন্ন নেতার বলয়ের অনুসারীদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের অসন্তোষ বাড়বে এবং সংগঠনকে ঐক্যবদ্ধ করা কঠিন হয়ে পড়বে।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে যোগাযোগ করা হলে, দ্রুত কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর আগের কমিটি বিলুপ্ত করার করে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। এরপর বিভিন্ন পর্যায়ের পদপ্রত্যাশীরা তাঁদের সিভি জমা দেন। দীর্ঘ অপেক্ষার পরও কমিটি ঘোষণা না হওয়ায় অনেকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের পছন্দ-অপছন্দ এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ আলোচনায় রয়েছে। তাঁদের ভাষ্য, ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দেওয়া হলে সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলে গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কোনো প্রার্থী উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

 

জেলা ও স্থানীয় পর্যায়ের কয়েকজন দায়িত্বশীল নেতার অভিযোগ, বিভিন্ন প্রভাবশালী নেতার বলয়ের অনুসারীদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা কমিটি গঠনের ক্ষেত্রে জটিলতা তৈরি করছে। তাঁদের মতে, যাঁদের সাংগঠনিক অভিজ্ঞতা সীমিত কিংবা যাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের শুধু ব্যক্তিগত আনুগত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে সংগঠনের দীর্ঘমেয়াদি ক্ষতি হবে।

 

তৃণমূলের একাংশের বক্তব্য, কমিটি গঠনের আগে সম্ভাব্য প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করা প্রয়োজন। কোনো নেতার ঘনিষ্ঠ অনুসারী হওয়ার চেয়ে সংগঠনের জন্য কাজ করার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে বেশি গুরুত্ব দিতে হবে।

 

তৃণমূল নেতাকর্মীদের একাংশ মনে করেন, নতুন কমিটি গঠনের সময় বিগত কমিটিতে দায়িত্ব পালন করা নেতাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদান বিবেচনায় নেওয়া উচিত। তবে সাবেক কমিটিতে ছিলেন বলেই কাউকে স্বয়ংক্রিয়ভাবে পদ দেওয়ার দাবি নয় বরং তাঁদের কাজের মূল্যায়ন, নেতৃত্বের যোগ্যতা এবং বর্তমান সাংগঠনিক পরিস্থিতিতে ভূমিকা রাখার সক্ষমতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তাঁরা।

 

তাঁদের মতে, অভিজ্ঞ নেতাদের সঙ্গে নতুন প্রজন্মের দক্ষ ও গ্রহণযোগ্য কর্মীদের সমন্বয় ঘটানো গেলে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নতুন নেতৃত্ব তৈরির পথও উন্মুক্ত হবে।

 

পদপ্রত্যাশীদের একাংশের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও যাঁরা সাংগঠনিক যোগাযোগ বজায় রেখেছেন, কর্মীদের সংগঠিত রাখার চেষ্টা করেছেন এবং দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন, তাঁদের অবদান যেন কমিটি গঠনের সময় উপেক্ষিত না হয়।

 

জেলা কমিটি গঠনের সঙ্গে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের বিষয়টিও জড়িত বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা। তাঁদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব আসেনি। কোথাও পুরোনো কমিটি নিয়ে অসন্তোষ রয়েছে, কোথাও আবার সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার প্রয়োজন দেখা দিয়েছে।

 

নতুন জেলা কমিটি গঠিত হলে অধীনস্থ ইউনিটগুলোর সাংগঠনিক অবস্থা পর্যালোচনা, নতুন নেতৃত্ব তৈরি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কমিটিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে তাঁদের প্রত্যাশা।

 

তাঁদের মতে, জেলা থেকে তৃণমূল পর্যন্ত যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা গেলে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো, নতুন কর্মীদের সম্পৃক্ত করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করানো সহজ হবে। তবে এ জন্য নতুন কমিটিকে ব্যক্তিকেন্দ্রিক বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

 

কমিটি গঠনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন পদপ্রত্যাশীদের একাংশ। তাঁদের বক্তব্য, বিভিন্ন নেতার বলয়ের অনুসারীদের প্রাধান্য দিয়ে কিংবা বিতর্কিত কাউকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে কমিটি গঠন করা হলে তাঁরা তা মেনে নেবেন না। এমন সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিবাদ ও আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কয়েকজন পদপ্রত্যাশী।

 

তাঁদের দাবি, নতুন কমিটি যেন কোনো নির্দিষ্ট ব্যক্তির অনুসারীদের নিয়ে গঠিত না হয়। বরং সাবেক কমিটির অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, নতুন নেতৃত্বের সম্ভাবনা এবং তৃণমূলের গ্রহণযোগ্যতার সমন্বয়ে একটি কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হোক।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত কমিটি ঘোষণার পাশাপাশি উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।

 

তৃণমূলের একাংশের মতে, নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সব পক্ষকে সঙ্গে নিয়ে সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা করা। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বলয়কেন্দ্রিক রাজনীতির পরিবর্তে যোগ্যতা, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেওয়া গেলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে।

 

এখন দেখার বিষয়, কেন্দ্রীয় নেতৃত্বের দ্রুত সিদ্ধান্তের আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং নতুন কমিটি গঠনের ক্ষেত্রে তৃণমূলের অভিজ্ঞতা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে কতটা গুরুত্ব দেওয়া হয়।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25221
প্রিন্ট করুন