Bortoman Somoy  |
Bortoman Somoy |

সংযুক্ত আরব আমিরাতে ছয় বাংলাদেশির মৃত্যুদণ্ড রদে রক্তপণ দিয়েছিল শেখ হাসিনা সরকার

নিজস্ব প্রতিবেদক Tuesday, 20 October 2026 · 7:59 pm

২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশি শ্রমিকের সাজা পরিবর্তন ও দেশে ফেরার পথ তৈরি হয় বাংলাদেশ সরকারের উদ্যোগে। নিহত পাকিস্তানি নাগরিকের পরিবারের সম্মতিতে রক্তপণ পরিশোধের পর তাঁদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয়।

 

২০১০ সালের ১৬ মে প্রকাশিত দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে দুবাইয়ে এক পাকিস্তানি শ্রমিকের হত্যাকাণ্ডের ঘটনায় ছয় বাংলাদেশি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরবর্তী সময়ে আপিলেও তাঁদের মৃত্যুদণ্ড বহাল ছিল।

 

প্রতিবেদনটিতে বলা হয়, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই লাখ দিরহাম রক্তপণ নির্ধারণ করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অর্থ পরিশোধের পর মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ভোগের পর ছয়জনই দেশে ফিরে আসেন।

 

তৎকালীন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল এ উদ্যোগে ভূমিকা রাখেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-এর প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী কল্যাণ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সরকারের এ উদ্যোগের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি ছয় বাংলাদেশির দেশে ফেরার সুযোগ তৈরি হয়।

 

ঘটনাটি বিদেশে কর্মরত বাংলাদেশিদের আইনি সংকটে রাষ্ট্রীয় সহায়তা, কূটনৈতিক যোগাযোগ এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সমাধানের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

সম্পাদকঃ মোঃ শাহ আলম সিকদার
উৎস: https://bortomansomoy.com/25145
প্রিন্ট করুন